কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সাগরে জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বোল মাছ। বৃহস্পতিবার দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাটে তোলা হয়।
মাছটি কিনে বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি এবং জাফর মিলে খরচসহ প্রায় দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটির ওজন আনুমানিক ২০০ কেজির বেশি হতে পারে।’
তিনি জানান, ট্রলার মালিক মো. রাসেলের একটি মাছ ধরার ট্রলার গত মঙ্গলবার টেকনাফ বোটঘাট থেকে সাগরে যায়। পরে সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকারের এই বোল মাছটি ধরা পড়ে।
শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম। গত বছরের রমজান মাসেও তারা একই ধরনের বড় আকারের একটি বোল মাছ বিক্রি করেছিলেন বলে জানান তিনি।
ট্রলারের মালিক মো. রাসেল বলেন, বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়।


