দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও হাসান টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আরিফ হাসানকে (৫০) হাজতে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রকিবুল হায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, আরিফ হাসান ও অন্যান্য আসামি পরস্পরের সঙ্গে যোগসাজশে অস্তিত্বহীন প্রতিষ্ঠান প্রকৃতি অ্যাসোসিয়েশন ব্যবহার করে ৮০ কোটি টাকা ঋণ গ্রহণ ও বিতরণের দেখানো হয়, যা তারা আত্মসাৎ করেছেন।
এর আগে, সুদ বাবদ ওই প্রতিষ্ঠানকে ২১ কোটি ২৪ লাখ টাকা ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে মামলা চলমান রয়েছে।
গত বছরের ১৬ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
তার আগে ৬ নভেম্বর বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সংগঠনটির সম্পাদক নির্বাচিত হন আরিফ হাসান।
সে বছরের জুলাইয়ে দুদকের আবেদনে আরিফ হাসানের ১৫টি ব্যাংক হিসাবে থাকা মোট ৩৪১ কোটি ১ লাখ ২১ হাজার ৭৪২ টাকা অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।


