দুই দফা কমে দেশের বাজারে বেড়েছে সোনার দাম। ভরিতে দুই হাজার ২১৬ টাকা বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয় নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
এর আগে, সবশেষ মঙ্গলবার (৩০ জুন) সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে তিন হাজার ৩২৪ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছিল দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এদিকে সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রূপা ভরিতে ২৯১ টাকা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রূপার ভরি চার হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট তিন হাজার ৯০৭ টাকা ও সনাতন রূপা ভরি দুই হাজার ৬২৪ টাকা।


