শাহরুখ-দীপিকা জুটির প্রথম ছবি ‘ওম শান্তি ওম’। সম্প্রতি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির একটি আইকনিক দৃশ্য শেয়ার করে।
সেখানে দেখা যায়, শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপ— ‘ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়…’। প্রায় ১৭ বছর আগে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার সিনেমা নতুন করে আলোচনায় আসতেই উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহরুখ নিজেও। পুরনো দিনের স্মৃতিতে ভেসে গিয়ে তিনি ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি লেখেন, ‘ওমের সেই সংলাপ মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে।’ তার স্বভাবসুলভ রসিকতা আর কৃতজ্ঞতায় ভরা এই মন্তব্য ভক্তদের মন ছুঁয়ে গেছে।
অন্যদিকে ছবির নির্মাতা ফারহা খান জানান, এত বছর পর আন্তর্জাতিক মঞ্চে এমন সম্মান পাওয়া একজন পরিচালকের জন্য গর্বের।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ সেই সময়ের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক ছবি। প্রেম, পুনর্জন্ম ও প্রতিশোধের গল্পে নির্মিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। একই সঙ্গে এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোননের। ছবিটিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, শ্রেয়াস তলপাড়ে ও কিরণ খেরসহ অনেকে।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। তার নতুন ছবি কিং মুক্তির অপেক্ষায় রয়েছে, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


