দিনাজপুর সদরের নসিপুরে রাকিবা আক্তার (৪) নামে এক শিশুকে হত্যার ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রোববার দুপুরে বিক্ষোভকারীরা মহাসড়কের জামতলিতে রাস্তার ওপর বিভিন্ন সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ একটি মোটরসাইকেলে আগুন দেয়। এতে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারীরা।
দিনাজপুর সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী জানান, স্বামী ডিভোর্সি একজন নারীর সঙ্গে স্থানীয় এক আদিবাসীর বিয়ে হয়। প্রায় আড়াই মাস আগে ওই নারীর চার বছর বয়সী শিশুকন্যা রাকিবা আক্তারকে হত্যা করে লাশ গুম করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় শিশুটির নানা থানায় মামলা দিতে গেলে বিভিন্ন টালবাহানায় মামলা নেয়নি পুলিশ। এর প্রতিবাদে এবং মামলা রেকর্ডসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে নসিপুরের জামতলী এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।
দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আশ্বাসে কোতোয়ালী থানা পুলিশ মামলা গ্রহণসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিকাল ৪টার দিকে সড়ক অবরোধ তুলে নেন স্থানীয়রা।


