তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি: পিএমও
Advertisement
Advertisement

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। এভাবেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতিতে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও তরুণেরা সরাসরি মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের এই শক্তি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি অনেক তরুণ স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই উদ্যোগ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে তারেক রহমান বলেন, তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবানদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিনিধিকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। তাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

এ ছাড়া দেশের ৪৩২টি যুব সংগঠনকে কার্যক্রম পরিচালনার জন্য দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। দেশের ৬৪ জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ —এই লক্ষ্য নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad