কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটকে রাখা ব্যক্তিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য আহত হয়েছেন। এ সময় মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দুই শতাধিক মানুষকে আটকে রাখার খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে কয়েকজন আহত হন।
রাত সাড়ে ৯টার দিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, লেদা নুরালীপাড়া পাহাড়ে জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মানবপাচারের শিকার ব্যক্তিদেরও উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, আহত সেনাসদস্যকে উদ্ধার করে দ্রুত রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।


