ঝালকাঠির রাজাপুরে বাজি ধরে ঠাণ্ডার মধ্যে ১০০ বার খালে ডুব দেওয়ার পর অসুস্থ হয়ে মো. বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষক মারা গেছেন বৃহস্পতিবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির বাসিন্দা ও মো. আনছার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা চাল নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার পানিতে ডুব দেওয়া সিদ্ধান্ত নেন তিনি। ডুব দেওয়া শেষে খাল থেকে উঠে আসার পরপরই অসুস্থ হয়ে পড়েন বাবুল মোল্লা। পরে স্থানীরা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


