ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে স্থানীয় খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে ফেলে যায়। পরে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত ইকবাল হোসেন বেশ কয়েকবছর ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি রাতে বাড়ির বাইরে গেলে কে বা কারা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি তদন্ত আশরাফ আলী জানান, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


