জাকসু নির্বাচনে অনিয়মের তদন্ত চায় ছাত্র ইউনিয়ন

জাকসু নির্বাচনে অনিয়মের তদন্ত চায় ছাত্র ইউনিয়ন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতা-কর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল। তবে নির্বাচন পরিচালনায় অনিয়ম, অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার ও রেজওয়ানা করিম স্নিগ্ধার পদত্যাগপত্রে উল্লেখ করা অভিযোগগুলোও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

নির্বাচনের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগের মধ্যে রয়েছে ভোটার তালিকার অসংগতি, ডোপ টেস্ট, অমোচনীয় কালির দাগ উঠে যাওয়ায় জাল ভোটের আশঙ্কা, অতিরিক্ত ব্যালট সরবরাহ এবং ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল। এ ছাড়া ব্যালট ছাপানো, ব্যালট বাক্স পরিবহন ও সংরক্ষণ এবং ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

সংগঠনটি আরও বলেছে, নির্ধারিত সময়ের পর ভোট গ্রহণ, ওএমআর পদ্ধতির বদলে হাতে ভোট গণনা, ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ফল প্রকাশ এবং পাঁচটি প্যানেলের নির্বাচন বর্জনের ঘটনাগুলোও তদন্ত করা প্রয়োজন।

আরও পড়ুন

স্মারকলিপিতে নির্বাচন-পরবর্তী তদন্ত কমিটির গঠন নিয়েও আপত্তি জানানো হয়েছে। ছাত্র ইউনিয়নের দাবি, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের কমিটিতে রাখায় স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আগের তদন্ত কমিটির কার্যক্রম পুনর্মূল্যায়ন করে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে তারা।

একই সঙ্গে নির্বাচনের বাজেট ও ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর সঙ্গে প্রশাসনিক অব্যবস্থাপনার কোনো যোগসূত্র ছিল কি না, তা অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

সংগঠনটির তিন দফা দাবিতে রয়েছে, নির্বাচনের অনিয়ম ও অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, পদত্যাগকারী নির্বাচন কমিশনের সদস্যদের উত্থাপিত অভিযোগ তদন্তে অন্তর্ভুক্ত করা এবং তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি তদন্তের প্রতিবেদন ও সুপারিশ শিক্ষার্থীদের কাছে প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

এসব তদন্ত দ্রুত সম্পন্ন করে নতুন জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, ‘আমি তাদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর নানা অনিয়মের অভিযোগের মধ্যে প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad