চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অনান্ যসরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোরে খিরাম আর্মি ক্যাম্পের সদস্যরা আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী সূত্র জানায়, রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন মেজর সাইফুর রহমান তুর্জো। সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান। এ সময় মোট ২৩ জন সেনা সদস্য অংশ নেন।
খিরাম আর্মি ক্যাম্প থেকে জানানো হয়, প্রথমে বর্তমান চেয়ারম্যান অহিদুল আলমের ভাতিজা মো. ইরফানের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সেখান থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। পরে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়িতে অভিযান চালালে বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধার হয়।
এ অভিযানে একটি রাইফেল, রাইফেল অ্যামুনেশন ৩ রাউন্ড, পিস্তলের গুলি ৬ রাউন্ড, বন্দুকের কার্তুজ ৭ রাউন্ড, ব্ল্যাংক কার্তুজ ১১ রাউন্ড, মোবাইল ফোন ১৬টি, চাইনিজ কুড়াল ১টি, পাহাড়ি দা ২টি, ছোট-বড় চাকু ৭টি, লোহার চেইন ১টি, ব্যবহৃত ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
মেজর সাইফুর রহমান তুর্জো জানান, অভিযান শেষে আটক আব্দুল হালিম প্রকাশ ইমন এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সামগ্রী ফটিকছড়ি থানায় হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আসামি লক্ষীছড়ি জোনে সেনা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


