চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত (২১) নিহত হয়েছেন।
মাইশা ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিরা এলাকার ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত মাইশাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাইশা মুশফিরাত চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাখাওয়াত হোসেন এবং মায়ের নাম সালমা আক্তার।
এ ঘটনায় রাজিয়া নামে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এসময় বহিরাগত আরও একজন শিক্ষার্থী আহত হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোস্তাক খন্দকার বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দুইজনসহ তিনজন শিক্ষার্থী। এসময় একটি লরি এসে বাসকে ধাক্কা দেয়। ধাক্কায় উল্টে গিয়ে বাসটি শিক্ষার্থীদের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হয়ে মাইশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী আজাদী, উপ উপাচার্য অধ্যাপক হাসমত আলী চমেক হাসপাতালে যান।
মাইশার মৃত্যুর খবর নিশ্চিত করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃপক্ষ এক শোকবার্তায় নিহতের রুহের মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।


