চট্টগ্রামে সেই দুই শিশুর দায়িত্ব নিলেন ডিসি

চট্টগ্রামে সেই দুই শিশুর দায়িত্ব নিলেন ডিসি
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে উদ্ধার দুই শিশুর দায়িত্ব নেন চট্টগ্রাম জেলা প্রশাসক।ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শীতের মধ্যে সড়কের পাশে উদ্ধার হওয়া অসুস্থ দুই শিশুর দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ পুনর্বাসনের দায়িত্ব নেন।

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়েশিশুটির নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলেশিশুটির নাম মোরশেদ।

মেয়েশিশুটি জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবা খোরশেদ আলম এবং মা ঝিনুক আখতার।

শিশু দুটির করুণ অবস্থার খবর প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জেলা প্রশাসকের নির্দেশনায় প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়। এ সময় জেলা প্রশাসক দীর্ঘ সময় ধরে শিশুদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয়, উদ্ধারের প্রেক্ষাপট এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

আরও পড়ুন

এ ছাড়া শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় সিএনজি চালিত অটোরিকশাচালক মহিম উদ্দিন শিশু দুটিকে উদ্ধার করেন।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার জানান, দুই শিশুই অসুস্থ ছিল এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে ও খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তার ধারণা, শিশুদের অসুস্থতার কারণেই মা-বাবা তাদের ফেলে রেখে গেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, শিশু দুটিকে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে লালন-পালন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা সবাই স্বাভাবিকভাবেই নিজের সন্তানকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু যে মানুষটি নিজের সন্তানের গণ্ডি পেরিয়ে অন্যের সন্তানকেও আপন করে নিতে পারে, তারাই প্রকৃত অর্থে মানুষ। অন্যের সন্তানের প্রতি ভালোবাসাই তো প্রকৃত মানবতা।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর