মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার বিকালে নৌকাবাইচ দেখতে নদীর তীরে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থী। এসময় ঢাকঢোল, উল্লাস আর দর্শনার্থীদের করতালিতে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার সমিতির হাট লঞ্চঘাট থেকে বাঁশগাড়ী লঞ্চঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট পাঁচটি নৌকা অংশ নেয়। শুরু থেকেই একে অপরকে পেছনে ফেলতে বৈঠার তালে তালে ছুটতে থাকে নৌকাগুলো।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তালুকদার গ্রুপের বাদল তালুকদারের নৌকা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় খাঁ যুবসমাজ ও লিটন সরদারের নৌকা। তৃতীয় স্থান অর্জন করে সুমন শিকদারের নৌকা। প্রতিযোগিতায় একটি ডিঙি নৌকাও অংশ নেয়।
প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী নৌকার জন্য দেওয়া হয় একটি ফ্রিজ। এছাড়া অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী মিরাজ হাওলাদার ও ইলিয়াস তালুকদার প্রতিযোগিতার পুরস্কার প্রদানে সহযোগিতা করেন।
নৌকাবাইচের সার্বিক পরিচালনায় ছিলেন বাদল তালুকদার, ইয়ামিন তালুকদারসহ স্থানীয় আরও অনেকে।
স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান বলেন, নৌকাবাইচ শুধু গ্রামবাংলার বিনোদনের একটি আয়োজন নয়; এটি আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত নৌকাবাইচের আয়োজন করা প্রয়োজন।
নৌকাবাইচের আয়োজক বাদল তালুকদার বলেন, কালকিনির আড়িয়াল খাঁ নদীতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ আরও জনপ্রিয় হয়ে উঠবে।


