চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে সংঘর্ষে এক থাই নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চার্লি অ্যানকর পয়েন্ট এলাকায় এমটিকেপিপি-১ জাহাজে এ ঘটনা ঘটে।
নিহত রাফিফং কালাহান (৩০) থাইল্যান্ডের নাগরিক। তিনি জাহাজটিতে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক উল্লাহ বলেন, ‘জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারির একপর্যায়ে রাফিফং কালাহান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আনায়নকারী শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন জানান, আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে এ ঘটনা ঘটে।


