কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও।
পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারের ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার এলাকা থেকে মোহাম্মদ হাসান (২৮) নামে এক যুবককে জোরপূর্বক সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালায় ঈদগাঁও থানা পুলিশ। অভিযানে একই দিন দুপুর দেড়টার দিকে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করা হয়।
অভিযানে অপহরণে জড়িত থাকার অভিযোগে মোরশেদ আলম (২৬), আবুল বাশার (৫০) ও নুরুল হাকিম (৩২) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা করেছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’


