চকরিয়াতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

চকরিয়াতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনে পলেস্তারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুটাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নিকটাত্মীয় ও ডুলাহাজারা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) এবং মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (১৭)। নিহত দুজনই খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুটাখালী বাজারে অবস্থিত একটি তিনতলা ভবনের পলেস্তারের কাজ করছিলেন তিনজন নির্মাণশ্রমিক। ভবনটির পাশ ঘেঁষে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন রয়েছে। কাজ চলাকালে অসাবধানতাবশত লাল মুহিত উদ্দিন সাগর প্রথমে বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঝাঁকুনিতে অপর শ্রমিক মোহাম্মদ উসমান নিচে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad