ঢাকার গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।
সোমবার সকালে গুলশান থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)।
পুলিশ জানায়, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে গুলশান আইডিয়াল স্কুলের সামনের চেকপোস্টে কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করে পুলিশ। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে পাওয়া অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা পারেননি।
‘এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে’ বলেও জানায় পুলিশ।


