গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারীদের গ্রেপ্তারের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের রাইসমিল এলাকায় রাস্তা অবরোধ করে রাখে সাধারণ জনগণ।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের বাসিন্দা মিলন মিয়া ও তার স্ত্রী লিপি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি ওই দম্পতি র্যাবের অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবারও মাদক বিক্রি শুরু করে।
এতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তাদের গ্রেপ্তারসহ এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে। এসময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
পরে পুলিশ অভিযান চালিয়ে মাদকসেবন করতে আসা মুন্না ও শুভ নামে দুই যুবককে আটকের পর অবরোধ তুলে নেন এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, অভিযুক্ত মিলনের স্ত্রী লিপিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


