গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘী মোড়ে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে। অপর যাত্রী রোস্তম আলী (৩০) সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং ইজিবাইকে থাকা অপর চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


