ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় জনের নামে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনও।
সোমবার খুলনার সোনাডাঙ্গা থানায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিধান চন্দ্র রায় বাদী হয়ে এ মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও পারভেজ আলম খান।
আসামিদের বিরুদ্ধে সরকার উৎখাত ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী জানিয়েছেন, এজাহারভুক্ত আসামিদের মধ্যে যারা দেশে অবস্থান করছেন তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ এপ্রিল নগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের মাধ্যমে তেরোখাদা উপজেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বিজয় একাত্তর ও জয় বাংলা আমার প্রাণ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল।
এর পরিপ্রেক্ষিতে কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গত ৪ আগস্ট মামলার অনুমতি পায় কেএমপি।
গ্রেপ্তার এম এম মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


