টানা বৃষ্টিতে সাভার পৌরসভার বিভিন্ন নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় জনভোগান্তি বেড়েছে। অনেক এলাকায় হাঁটুসমান পানি জমে থাকায় চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা পানি মিশে বিভিন্ন সড়ক ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। বর্ষা মৌসুমে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। স্কুল ও কলেজগামী শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েছেন।
জলাবদ্ধতায় উত্তর তালবাগ, ব্যাংক কলোনি, রাজাসন, কাজী মোকমা পাড়া, নামা বাজার, আড়াপাড়া, সবুজবাগ, ছায়াবিথী ও ইমান্দিপুরসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ভাড়া দিতে সমস্যায় পড়েছেন মালিকরা। স্থানীয়দের ভাষ্য, জলাবদ্ধতার কারণে অনেক সচ্ছল ভাড়াটিয়া এসব এলাকায় বসবাসে অনাগ্রহী। ফলে বাড়িওয়ালারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয়দের দাবি, আশপাশের মহল্লায় উন্নয়ন ও সংস্কারকাজ হলেও এসব এলাকায় দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে প্রতি বর্ষায় একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এলাকার বাসিন্দা ও ভ্রমণবিষয়ক লেখক জাভেদ হাকিম বলেন, স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের পৈতৃক বাড়ি এই এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। এরপরও উত্তর তালবাগের বাসিন্দারা জলাবদ্ধতার কারণে বঞ্চনার শিকার হচ্ছেন। তিনি ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসী জলাবদ্ধতা নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।


