কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১২ মাইল মোড়-সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাশেদুল দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়াগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
চৌড়হাস হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বলেন, ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাক ও অটোরিকশাটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


