সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে কুষ্টিয়ায় বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে।
রোববার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘আলহাজ্ব এন্টারপ্রাইজ’ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ ৯১ হাজার টাকা।
এর আগে একই দিন গভীর রাতে বিজিবির কাজীপুর বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাবলেট (ডেক্সামেথাসন ও সিপ্রোহেপ্টাডিন) উদ্ধার করে, যার সিজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
একই সময়ে প্রাগপুর ও জামালপুর বিওপির পৃথক অভিযানে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় বিড়ি এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭ লক্ষ ৪০ হাজার ২০০ টাকা।
এই অভিযান প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


