কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ: ৩২ খেলোয়াড়কে ডাক

কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ: ৩২ খেলোয়াড়কে ডাক
Advertisement
Advertisement

আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক সিলেকশন ট্রায়ালের জন্য ৩২ জন খেলোয়াড়কে ডেকেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।

আগামী ১৭–২১ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় দলের সিলেকশন ট্রায়াল আগামী ১–৪ এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ ১৬ জন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশ নেবেন।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই সিলেকশন ট্রায়াল থেকে উভয় বিভাগে শীর্ষ ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড়কে নিয়ে প্রায় আড়াই মাসের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিটিটিএফ।

প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে ৫ সদস্যের একটি পুরুষ দল এবং ৫ সদস্যের একটি মহিলা দল কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে।

আরও পড়ুন

প্রশিক্ষণ ক্যাম্পের মান উন্নয়নের লক্ষ্যে ভারতের একজন আন্তর্জাতিক মানের কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শর্তাবলি চূড়ান্ত হলে আগামী এপ্রিল থেকেই কমনওয়েলথ মিশনের প্রস্তুতি শুরু হবে।

বিটিটিএফ সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দল গঠনের ক্ষেত্রে আমরা ট্রেন অ্যান্ড টেস্ট বা সিলেকশন লীগ পদ্ধতি অনুসরণের কথা বলে আসছি। এই পদ্ধতির ইতিবাচক ফল ইতোমধ্যে আমরা পেয়েছি।’

তিনি বলেন, ‘খেলোয়াড়দের ম্যাচ টেম্পারামেন্ট বৃদ্ধি এবং পারফরম্যান্স অ্যানজাইটি কাটিয়ে ওঠার জন্য সিলেকশন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই।’

এদিকে, বাংলাদেশের জুনিয়র টেবিল টেনিস দল আগামী ৮–১১ এপ্রিল ভারতের শিমলায় অনুষ্ঠেয় সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণ করবে। বর্তমানে খেলোয়াড়রা বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।

টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের মাত্র তিন দিনের ঈদের ছুটি দেওয়া হয়েছে। খই খই সাই মারমা, রেশমী তঞ্চঙ্গ্যা, ঐশি রহমান, নাফিজ ইকবাল এবং জয় ইসলামের জন্য এটি শেষ জুনিয়র টুর্নামেন্ট। শিমলা যাওয়ার আগে জুনিয়র দলের চারজন বালক এবং চারজন বালিকা এই কমনওয়েলথ সিলেকশন ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad