দেশে সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৫ রিখটার স্কেলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎস মনিরামপুরেই।
এটি ছিল চলতি মাসের তৃতীয় ভূমিকম্প। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর ২১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ৪ মাত্রার ভূমিকম্প ঘটে। সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক ছিল সেদিনের উৎপত্তিস্থল।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, শনিবারের ভূমিকম্পটি ছিল একটি নিম্ন মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মনিরামপুরে।
এটা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, যা সাধারণত অনুভূত হয়, তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকে।


