নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (২৭), নীলফামারী জেলার ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫), নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ ওরফে হৃদয় (২৮), ডেমরা থানা ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ বাবুল (৪৮), পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ (৪৫), বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) এবং ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল তাজ (৪৮)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক বারোটার দিকে ডিবি-গুলশান বিভাগের একটি টিম উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। একই দিন রাতে উত্তরখান থানার কাঁচকুড়া বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। মো. ইউসুফ ওরফে হৃদয় এবং মো. বাকি বিল্লাহ বাবুলকে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে আরও জানানো হয়, বুধবার বিকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করে। স্বপ্নীল আহমেদ কামালকে দুপুরে চকবাজারের মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। একই দিন বিকালে শাহবাগ থানার আনন্দ বাজার এলাকা থেকে মো. সোহেল তাজকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
২০২২ সালের সেপ্টেম্বরে নর্থ সাউথসহ দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কমিটি গঠন করে বাংলাদেশ ছাত্রলীগ।
সে সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি করা হয় আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিককে। আর সাধারণ সম্পাদক করা হয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে।


