যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার দিনে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত না করে প্রতীকী হিসেবে তেহরানকে সাদা পতাকা উত্তোলনের পরামর্শ দেন তিনি।
সোমবার ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তোলা।’ সংঘাত দ্রুত শেষ করার বিষয়ে তার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই উল্লেখ করে তিনি জানান, মার্কিন প্রশাসন ইতিমধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগাযোগের একটি ‘ব্যাকচ্যানেল’ চালু করেছে।
আইআরজিসি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তারা কৌশল ভালো বোঝে, কিন্তু তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ শেষ করার বিষয়ে আমার কোনো নির্ধারিত সময়সূচি বা তাড়াহুড়ো নেই।’
একই দিনে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মহসেনি এজেই দাবি করেন, এই যুদ্ধে ‘মার্কিন শত্রু’ চরমভাবে পরাজিত হয়েছে এবং তাদের মিত্রদের মধ্যেও আস্থার সংকট তৈরি হয়েছে। দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রুভাবাপন্ন ষড়যন্ত্র মোকাবিলায় বিজয়ের মূল চাবিকাঠি হলো ঐক্য ও সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা।
এদিকে তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যেকোনো মার্কিন হামলার দাঁতভাঙা জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করায় যুদ্ধবিরতিসংক্রান্ত সমঝোতা স্মারকটি অকার্যকর হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সমঝোতা স্মারকের অন্যতম শর্ত ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া, যা বাস্তবায়িত হয়নি। ইরান এখন প্রণালিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ জোরদারে অপর উপকূলীয় দেশ ওমানের সঙ্গে চুক্তির চেষ্টা করছে।
এর পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকারেই ওমানকে সতর্ক করে ট্রাম্প বলেন, দেশটি যদি হরমুজ প্রণালি খোলার পথে বাধা সৃষ্টি করে, তবে সেখানে ব্যাপক বোমা হামলা চালানো হবে।
এর আগে গত শুক্রবারও তিনি আক্রমণাত্মক মন্তব্য করে বলেছিলেন, ‘ইরানকে পুরোপুরি পরাস্ত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে।’


