জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন (৮৭) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তবে বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
এক সাক্ষাৎকারে মনির খান জানান, ২০ জুন সন্ধ্যায় হঠাৎ তার মা বুকে ব্যথা অনুভব করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহের মহেশপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘আম্মা গতকাল সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে ছোট ভাইরা তাকে বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বলেন, তাকে দ্রুত যশোরে নিতে হবে। পরে যশোরে নিয়ে গেলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।’
প্রথমে পরিবারের ধারণা ছিল, তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত হননি।
মনির খান বলেন, ‘রিপোর্ট দেখে চিকিৎসকরা বোর্ড বসিয়ে জানান, এটি হার্ট অ্যাটাক নয়। শরীরের ভেতরের কোনো সংক্রমণের কারণে ব্যথা হতে পারে। পাশাপাশি তার রক্তচাপও অনেক কমে গিয়েছিল।’
বর্তমানে চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে মনির খান বলেন, ‘চিকিৎসার পর তার অনেকটা উন্নতি হয়েছে। আশা করছি আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।’
তিনি আরও জানান, তার বাবা মারা যাওয়ার পর মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি গ্রামের বাড়িতেই দুই ভাইয়ের সঙ্গে থাকেন এবং সেখানেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সবশেষে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।’


