ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমা হামলার হুমকি
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ইউরোপজুড়ে একের পর এক যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার অন্তত সাতটি ফ্লাইট ও ইসরায়েলগামী একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

আলজাজিরার খবরে বলা হয়, এ ঘটনায় কয়েকটি বিমানবন্দরে জরুরি তল্লাশি চালানো হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশর একটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। ইতালিতে রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে পাহারা দিয়ে রোমে নিয়ে যায় দেশটির বিমানবাহিনী।

তবে সব কটি হুমকিই শেষ পর্যন্ত ভুয়া বলে প্রমাণিত হয়েছে। উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশি চালিয়ে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি।

হুমকির মুখে পড়া উড়োজাহাজগুলোর মধ্যে ছিল রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস ও পোল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা লটের ফ্লাইট। সবচেয়ে বেশি হুমকি পেয়েছে আয়ারল্যান্ডভিত্তিক স্বল্প খরচের বিমান সংস্থা রায়ানএয়ার। তাদের চারটি ফ্লাইটকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়।

এসব ঘটনার দায় কেউ স্বীকার করেনি। কোনো দেশ বা পক্ষকে দায়ীও করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী দুটি ফ্লাইট বোমা হামলার হুমকি পায়। কোপেনহেগেন থেকে আসা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের এসকে৭৫১ ফ্লাইটটি ওয়ারশ শোপিন বিমানবন্দরে স্বাভাবিকভাবে অবতরণ করে। পরে উড়োজাহাজটি পরীক্ষা করার সময় বিমানবন্দরের একটি রানওয়ে বন্ধ রাখা হয়।

বিমান সংস্থাটির মুখপাত্র আলেক্সান্দ্রা লিন্ডগ্রেন কাওকজি পোলিশ বার্তা সংস্থা পিএপিকে বলেন, যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমেছেন এবং সেটি স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। এটি জরুরি অবতরণ ছিল না। বিষয়টি পোলিশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা পোল্যান্ডের লটের আরেকটি ফ্লাইটের গন্তব্যও ছিল শোপিন বিমানবন্দর। তবে হুমকির পর সেটিকে ওয়ারশর দ্বিতীয় বিমানবন্দর মডলিনে পাঠানো হয়। সতর্কতার কারণে মডলিন বিমানবন্দরও সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দরের মুখপাত্র আদাম সাবলোভস্কি বলেন, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। পরে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

ইতালিতে ডাবলিন থেকে রোমগামী রায়ানএয়ারের এফআর৯৬১১ ফ্লাইটটিকে দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান পাহারা দিয়ে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিয়ে যায়। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।

বেসামরিক উড়োজাহাজে সম্ভাব্য হুমকির খবর পাওয়ার পরপরই বিমানবাহিনী ব্যবস্থা নেয় বলে জানিয়েছে ইতালির বিমানবাহিনী।

এর আগে লিসবন থেকে আসা রায়ানএয়ারের আরেকটি ফ্লাইট সকাল ৯টা ৪০ মিনিটে একই বিমানবন্দরে অবতরণ করে। সেটিতেও বোমা শনাক্তকরণসংক্রান্ত নিরাপত্তা তল্লাশি চালানো হয়। যাত্রী, মালপত্র ও উড়োজাহাজ পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।

স্পেনের জাতীয় বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এইনা জানায়, ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমার হুমকি পাওয়ার পর জরুরি নিরাপত্তা প্রটোকল চালু করা হয়। উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে মুরসিয়া বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের পর ইতালির বার্গামো থেকে আসা উইজ এয়ারের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। এ ছাড়া ডাবলিন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের আরেকটি ফ্লাইটও হুমকি পায়। কোনো উড়োজাহাজেই তল্লাশি চালিয়ে বিস্ফোরক পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল অথবা সেখানে অবতরণের কথা ছিল, এমন চারটি উড়োজাহাজে হুমকির বিষয়ে তারা অবগত হয়েছে। ম্যানচেস্টার বিমানবন্দরের একটি ফ্লাইট নিয়েও সতর্কবার্তা পায় পুলিশ। তবে তল্লাশির পর কোনো নিরাপত্তাঝুঁকি পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার রাতে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানায়, সাইরোস দ্বীপের কাছে নোঙর করা পানামার পতাকাবাহী প্রমোদতরি ‘ক্রাউন আইরিস’ বোমা হামলার হুমকি পাওয়ার পর জাহাজটি খালি করা হয়। জাহাজটিতে প্রায় ১ হাজার ৫০০ যাত্রী ও নাবিক ছিলেন। ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল এটি। তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে জাহাজটির যাত্রা পুনরায় শুরুর কথা ছিল।

ইউরোপজুড়ে এসব হুমকির ঘটনায় কোনো দেশকে দায়ী করা না হলেও সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড হামলা’ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে মস্কো ও তেহরান উভয়ই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad