আড়াই ঘণ্টা ‘ঘোরাঘুরির’ পর খাঁচায় ফিরল সিংহী ডেইজি

আড়াই ঘণ্টা ‘ঘোরাঘুরির’ পর খাঁচায় ফিরল সিংহী ডেইজি
সিংহী ডেইজি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহী বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

প্রায় এক ঘণ্টা সেটি চিড়িয়াখানায় ঘোরাঘুরি করে। এরপর নিজের পেরিফেরি বা খাঁচার এলাকায় প্রবেশ করে। খাঁচা এলাকায় আসার প্রায় এক ঘণ্টার বেশি সময় পর বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দলের চেষ্টায় সিংহীটিকে অচেতন করে খাঁচায় ঢোকানো হয়।

বর্তমানে চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে, বাকি চারটি খাঁচাতেই ছিল।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সিংহীটি খাঁচা থেকে বের হয়ে যায় বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, ‘ওই সিংহীর নাম ডেইজি। বিকালে খাঁচা থেকে সে বের হয়ে যায়। এরপর সেটি খাঁচার পাশে এক কোণে অবস্থান করতে থাকে। তখন সেটিকে চারদিক থেকে ঘিরে রাখা হয়।’

আরও পড়ুন

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিংহীটিকে ফের খাঁচায় ঢোকানো হয়েছে বলেও জানান রফিকুল ইসলাম।

খাঁচা থেকে সিংহী বেরিয়ে যাওয়ার পর চিড়িয়াখানার ভেতর থেকে দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি।

চিড়িয়াখানার একটি সূত্র জানিয়েছে, কোনো কারণে খাঁচার তালা বন্ধ করা হয়নি। আর সেই সুযোগেই ডেইজি বেরিয়ে যায়।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক।

কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে জমা দিতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad