অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম বলেন, দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করেন, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। এবারও সর্বোচ্চ দরদাতা হলেও উপজেলা বিএনপির সভাপতি বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি লুটপাটের জন্য স্থানীয় সাধারণ মানুষকে উসকে দিচ্ছেন।

এমনকি আজ তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকেরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad