শিগগির খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিগগির খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফাইল ফটো
Advertisement
Advertisement

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর কার্যক্রম শিগগির পুনরায় শুরু করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

রোববার দুপুরে সচিবালয়ে তার সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন জানান, মালয়েশিয়া সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে দেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।

স্বচ্ছ প্রক্রিয়া ও সিন্ডিকেট নির্মূলের প্রত্যয়

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি। মালয়েশিয়া কর্তৃপক্ষকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের সিন্ডিকেট না থাকে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন।

আরও পড়ুন

উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক

গত বুধবার তিন দিনের সফরে মালয়েশিয়া যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং উপদেষ্টা মাহদী আমিন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার নিয়ে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক সফর। সফরকালে প্রতিনিধি দলটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতো রমনন রামকৃষ্ণন এবং উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।

শ্রমবাজারের পাশাপাশি শিক্ষা খাতেও দুই দেশের সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মাহদী আমিন বলেন, দুই দেশের ডিগ্রি ও সার্টিফিকেটের সমতা বিধান এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে গবেষণার নতুন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে মালয়েশিয়া সরকার আগ্রহ প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, শিগগিরই প্রবাসীদের জন্য বিশেষ কার্ড সুবিধা চালু করা হবে, এ বছর প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিয়েছেন, যা সরকারের একটি বড় সাফল্য এবং দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ—সব ক্যাটাগরিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির চেষ্টা চলছে।

আইনের শাসন ও ন্যায়বিচার

সিন্ডিকেট ও রিক্রুটমেন্ট এজেন্সি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় বিশ্বাসী। যারা অপরাধী বা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে; আর যারা নির্দোষ, তারা ন্যায়বিচার পাবে।

তিনি স্পষ্ট করেন যে, ‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ কোনো নতুন সিন্ডিকেট নয় বরং এটি মালয়েশিয়ার একটি বৈশ্বিক মানদণ্ড।

সফর শেষে গত শনিবার প্রতিনিধি দলটি দেশে ফিরেছেন। শ্রমবাজার খোলার সুনির্দিষ্ট তারিখ না জানালেও উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর