সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসকদের ৪ দফা দাবির প্রতিফলন ঘটেছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা এই ঘোষণা দেন।

ঢাকা মেডিকেল ইন্টার্ন ডাক্তার সোসাইটির সাধারণ সম্পাদক নাবিল বিন কাশেম জানান, ৬ সদস্যের তদন্ত কমিটির সুপারিশমালায় ইন্টার্নদের দেওয়া ৪ দফা দাবির প্রতিফলন ঘটেছে।

চিকিৎসকরা দাবি জানিয়েছেন, সরকারকে দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

ভবিষ্যতে চিকিৎসকদের ওপর হামলা রোধে শাস্তিমূলক ব্যবস্থার স্পষ্ট ঘোষণা ও নোটিশ জারির দাবি জানানো হয়েছে।

গত বুধবার ঢামেক ছাড়াও দিনাজপুর মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। এই ধারাবাহিকতা বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে একযোগে কর্মসূচি শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের, তাদের শনাক্তকরণ ও কঠোর শাস্তি নিশ্চিত করা। চিকিৎসক ও রোগীদের নিরাপত্তায় অবিলম্বে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ পাস করা। হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা দিতে অবহেলার অভিযোগ তুলে একদল শিক্ষার্থীর সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষ হয়। ওই ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও পুলিশের সমন্বয়ে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর