বাংলা নববর্ষ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে জোর প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে অনুষদ প্রাঙ্গণ।
প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের আঁকা নানা চিত্রকর্মে এবার উঠে এসেছে পপ কালচার ও ‘জেন-জি’ প্রজন্মের কাছে পরিচিত বিভিন্ন চরিত্রের উপস্থিতি।
প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীরা কাগজ ও মাটির সরায় লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ ফুটিয়ে তুলছেন। এসব সামগ্রী দর্শনার্থীদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে নববর্ষ উদযাপনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হয়।
তবে এবার মাটির সরাগুলোতে লোকজ চিত্রের পাশাপাশি স্থান পেয়েছে জেন-জি প্রজন্মের পরিচিত পপ কালচার ও জাপানি অ্যানিমে সংস্কৃতির বিভিন্ন চরিত্র।
সোমবার চারুকলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বিভিন্ন মাটির সরায় ফুটে উঠেছে জেন-জি প্রজন্মের বহুল পরিচিত স্পাইডারম্যান, ডোরেমন, শিননোসুকে নোহারা (শিন চ্যান) ও তোরু কাজামার মতো চরিত্র। শিক্ষার্থীরা দলভিত্তিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের সহায়তায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।

এ বিষয়ে চারুকলা বিভাগের ৭১তম ব্যাচের শিক্ষার্থী এবং নববর্ষ উদযাপন উপ-কমিটির শিক্ষার্থী সমন্বয়ক অর্ণব বলেন, ‘সরাচিত্রের ঐতিহ্যবাহী ধাঁচ ও বৈশিষ্ট্য থেকে অনেকটাই সরে এসে এখন শিল্পীরা নিজেদের পছন্দ ও ভাবনা অনুযায়ী কাজ করছেন। এ ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো নিয়মকানুন অনুসরণের বাধ্যবাধকতা রাখা হয়নি।’
তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সরার ওপরও এখন ল্যান্ডস্কেপসহ নানা ধরনের চিত্রকর্ম করা হচ্ছে। আগে যেগুলো সাধারণত ক্যানভাস বা কাগজে আঁকা হতো, এখন অনেকেই সেগুলো সরাতেই ফুটিয়ে তুলছেন।’
ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সাজেদুল হোসেন বলেন, ‘আমরা কেউই তো আসলে আধুনিকতার ছোঁয়া থেকে বাইরে নই। তাই লোকজ সংস্কৃতি এবং পপ কালচারের মধ্যে একটা ফিউশন করার চেষ্টা করা হচ্ছে। তবে এবারও লোকজ সংস্কৃতির উপাদানগুলোই বেশি দেখা যাবে।’


