সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করা নিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ (২৮) ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পারভেজ আহমদ (৩২) নামে এক যুবককে আটক করেছে। পারভেজ একই গ্রামের মোস্তাকিম আলীর ছেলে। তিনি নিহতের চাচাতো ভাই।
জকিগঞ্জ থানা-পুলিশ জানায়, বুধবার রাতে খেলা দেখার শেষ মুহূর্তে চিৎকার করা নিয়ে পারভেজ ও আলমের তর্কাতর্কি হয়। একপর্যায়ে পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘খেলা দেখার সময় চিৎকার করা নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।’
তিনি জানান, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


