শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৬ প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই উপজেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শনিবার থেকে তারা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।
এর আগে, গত ৩ এপ্রিল রাতে বিজিবি সদস্যরা দুই উপজেলায় স্থাপিত বেইজ ক্যাম্পে অবস্থান নেন। এ ছাড়াও সীমান্তে যেসব বিজিবি দায়িত্বে রয়েছেন তারাও সহযোগিতা করবেন। ১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ আসনটি সীমান্তবর্তী হওয়ায়, আইন অনুযায়ী সেনাবাহিনী সীমান্তের আট কিলোমিটারের ভেতরে সরাসরি দায়িত্ব পালন করতে পারে না। সে কারণে এখানে বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।’
জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের আলহাজ্ব মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন।


