দেশে গত এক দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত রোগটিতে ৩৮৬ জনের প্রাণহানি হলো। আর আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৭৭ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত মারা যাওয়া দুজনই ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণহানি হয় ডেঙ্গুতে।
তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়।
এ ছাড়া ডেঙ্গুতে আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১, জুন মাসে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো রোগীর মারা যাননি।
অন্যদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুন মাসে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়াও সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর মধ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


