নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ছয় জেলেকে আটক করা হয়েছে।
এর মধ্যে তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি তিন জেলে শিশু হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শনিবার দুপুরে অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।
শুক্রবার রাতে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর শহরের যমুনা রোড টিলা বাড়ি এলাকার আসিফ মোল্লা (২০), একই এলাকার মো. কালা (২০) ও মাদ্রাসা রোডের বাসিন্দা মো. সাগর হোসেন (২৮)।
মিজানুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেঘনা মোহনা এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আনন্দ বাজার এলাকা থেকে জাটকা ধরার কারণে ছয় জেলেকে আটক করা হয়।


