ডিসিপি জটিলতায় ‘প্রিন্স’-এর আয়ে ধীর গতি

ডিসিপি জটিলতায় ‘প্রিন্স’-এর আয়ে ধীর গতি
Advertisement
Advertisement

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির আগে ব্যাপক আলোচনায় থাকলেও বক্স অফিসে এর শুরুটা হয়েছে তুলনামূলক ধীরগতির। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ)–সংক্রান্ত জটিলতার কারণে ছবিটির প্রদর্শনী ব্যাহত হওয়ায় আয়ের ওপর প্রভাব পড়েছে।

বক্স অফিস নিয়ে কাজ করা জনপ্রিয় ফেসবুক পেজ ‘বাংলা মুভি রিভিউ’র তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল ১৬ লাখ ১৯ হাজার টাকা। দ্বিতীয় দিনে তা কিছুটা বেড়ে দাঁড়ায় ২০ লাখ ৬ হাজার টাকায়। তবে তৃতীয় দিনে আবার কমে ১৫ লাখ ২৯ হাজার টাকায় নেমে আসে। সব মিলিয়ে প্রথম তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫১ লাখ ৫৪ হাজার টাকা।

তবে এই হিসাব দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের হলেও এতে স্টার সিনেপ্লেক্সের আয়ের তথ্য অন্তর্ভুক্ত নয়। শুরুতে ধারণা করা হয়েছিল, ডি–সিপি–সংক্রান্ত সমস্যার কারণেই সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হয়নি।

পরে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ফাইল সরবরাহ করা হলেও হলের সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যের সমস্যার কারণে প্রদর্শনী সম্ভব হয়নি। বর্তমানে সেই সমস্যা সমাধান হয়েছে এবং সোমবার থেকে দেশের সব শাখায় ছবিটি প্রদর্শন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এই জটিলতায় ঈদের ভিড়ের সময় অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে হতাশা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। প্রযোজনা সংস্থাও স্বীকার করেছে, এই পরিস্থিতি শুধু দর্শকের পরিকল্পনাই ব্যাহত করেনি, বরং উৎসবকালীন গুরুত্বপূর্ণ সময়ে ছবিটির বক্স অফিস গতি কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন

আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত। এতে পলাতক এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

মুক্তির আগে দর্শকদের আগ্রহ থাকলেও প্রাথমিক প্রতিক্রিয়ায় ছবিটি মিশ্র সাড়া পেয়েছে। বিশেষ চিত্রনাট্যের অসামঞ্জস্য, ভিজ্যুয়াল ইফেক্ট ও আরও কিছু অসংগতি নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক ও বিশ্লেষকেরা।

তবে সমালোচনার মধ্যেও শাকিব খানের উপস্থিতিকে ছবির প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে পার্শ্বচরিত্র, বিশেষ করে দুই নায়িকার উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় সেগুলো তেমন আলোচনায় আসেনি।

ঈদের প্রতিযোগিতামূলক মুক্তির বাজারে আগামী কয়েক দিনে ছবিটির আয় কীভাবে এগোয়, সেটিই এখন নির্ধারণ করবে এর সামগ্রিক বক্স অফিস ভাগ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad