ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের স্কয়ার শপিংমলে রিকশাচালককে মারধর করে হত্যার ঘটনাটি গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা চালায় বলেও দাবি করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।
সোমবার মার্কেটটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, রিকশাচালককে পিটিয়ে হত্যা ও মরদেহ গুমের যে অভিযোগ ছড়ানো হয়েছে, সেটি যাচাই করে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি। গুজবকে কেন্দ্র করে একটি উচ্ছৃঙ্খল দল পরিস্থিতির সুযোগ নিয়ে মব তৈরি করে মার্কেটে হামলা ও লুটপাটের চেষ্টা চালিয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
এদিকে হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভাঙচুর ও হামলায় তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মার্কেটের ব্যবসায়ীরা।
এর আগে, রোববার রাতে উত্তরার স্কয়ার শপিংমলে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে এমন অভিযোগ ছড়িয়ে পড়লে ভবনটি ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মার্কেটে ভাঙচুর ও লুটপাট চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


