ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
তবে এদিন আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ।
ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।


