ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২৯৪
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। গত সোমবার থেকে দেশটিতে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠীর বিরুদ্ধে এই হামলা চলছে বলে জানিয়েছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, গত সোমবার থেকে হামলায় ২৯৪ জন নিহত ও ১ হাজার ২৩ জন আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তা প্রতিহত করার জন্য প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ট্রাম্পের হুমকির পর নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা এবং লক্ষ্যবস্তু খুঁজছে। ইরানের একজন কর্মকর্তার বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প হুমকি দেন, ‘আজ ইরানে কঠোর আঘাত হানা হবে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানে “সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর” জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।’
ট্রাম্পের এই হুমকির পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো পর্যালোচনা করবে। যেগুলো এখনো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোকে অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে।’
ইরানে ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানা হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে।
শনিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। তিনি আরও বলেন, ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাবে না।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার কারণেই ইরান এ ধরনের প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশের বিরুদ্ধে আর কোনো আক্রমণ চালানো হবে না।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে পেজেশকিয়ান সাম্প্রতিক হামলার কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশও করেন।
তবে ট্রাম্পের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন ইরানের বিশ্লেষকেরা। ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক হামিদরেজা গোলামজাদে বলেছেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ব্যাখ্যা করা ‘পুরোপুরি মিথ্যা’।
তার মতে, ইরান মূলত প্রতিবেশী দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে না দেয়। তিনি এই অনুরোধকে ‘স্বাভাবিক’ ও ‘আইনসিদ্ধ’ বলে উল্লেখ করেন।
সূত্র: আল জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বালবেক-হারমেল গভর্নরেটের শমেস্টার শহরে হামলা চালিয়েছে, এতে ছয়জন নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও যোগ করেছে, নিহতদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী রয়েছেন।
সূত্র: আল জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ জন নিহত
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবি চিট শহরে ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই হামলায় আহত মানুষের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলের হামলার ঘোষণার পর তেহরানে একাধিক বিস্ফোরণ
ইসরায়েলি বাহিনীর নতুন হামলার ঘোষণার পর ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয় প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, তেহরানের কয়েকটি এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কারচাক কাউন্টি এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় ইরানের রেভল্যুশনারি গার্ডের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
‘#قرچک ساعت ۱۱:۳۸’
ویدیوی دریافتی با شرح: ‘حدود ۳۰ دقیقه سپاه رو’ زدند.#Iran pic.twitter.com/SHn9vsXrAB— Vahid Online (@Vahid) March 7, 2026
আরব আমিরাতের বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ ব্যবস্থা এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
এ ঘটনায় এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
৮৬ ক্ষেপণাস্ত্র ও ১৪৮ ড্রোন প্রতিহত করার কথা জানাল বাহরাইন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী।
শনিবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বাসভঙ্গকারীদের আক্রমণ’ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র: আল জাজিরা
ইরানে ৬,৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে ফারস নিউজ এজেন্সি।
ইরানে চলমান হামলায় বিপুলসংখ্যক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।
ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ঘরবাড়ি। এ ছাড়া ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কেন্দ্র হামলার শিকার হয়েছে।
এ ছাড়া, হামলায় ১৪টি চিকিৎসাকেন্দ্র এবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট ১৩টি কেন্দ্রও এসব হামলার মধ্যে পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সময় বেশ কিছু উদ্ধার ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান চালানোর সময় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
দুবাইয়ে সীমিত আকারে বিমান চলাচল শুরু
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতিতে দুবাইয়ে ফের সীমিত পরিসরে বিমান চলাচল শুরু করেছে বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস।
শনিবার প্রতিষ্ঠানটির সবশেষ ভ্রমণ হালনাগাদে বলা হয়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে কিছু সময় আগে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলেও এখন পরিস্থিতি পর্যালোচনা করে আংশিকভাবে ফ্লাইট চালু করা হচ্ছে।
এ কারণে শনিবার যেসব যাত্রীর নিশ্চিত বুকিং রয়েছে, তারা পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরে যেতে পারবেন। দুবাই হয়ে অন্য দেশে যাওয়ার যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, যদি তাদের সংযোগ ফ্লাইট চালু থাকে।

বিমান সংস্থাটি জানিয়েছে, গত কয়েক দিনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের পরিবহনের ৩০ হাজারের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী কয়েক দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফেরার পরিকল্পনাও রয়েছে এমিরেটস কর্তৃপক্ষের।
তবে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল হওয়ায় তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে দুবাই শহরের বিভিন্ন স্থানে থাকা বিমানবন্দরের আগাম নিবন্ধন কেন্দ্রগুলো আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
ইরানে স্থল অভিযান শুরুর সম্ভাবনার ইঙ্গিত কুর্দিদের

পরিস্থিতি অনুকূলে এলে ইরানে স্থল অভিযান শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সশস্ত্র কুর্দি নেতারা।
ইরানের কুর্দি যোদ্ধাদের খাবাত সংগঠনের মহাসচিব বাবাশেইখ হোসেইনি আল জাজিরাকে বলেছেন, তাদের যোদ্ধারা এখনো কোনো আক্রমণ শুরু করেনি, তবে দীর্ঘদিন ধরেই এমন অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমানে ইরানে স্থল অভিযান শুরুর জন্য পরিস্থিতি আগের তুলনায় বেশি অনুকূল হওয়ায় খুব দ্রুতই তা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’
হোসেইনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখন পর্যন্ত সরাসরি কোনো বৈঠক হয়নি। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই যোগাযোগ হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র কুর্দিস্তানের কাছে জানতে চেয়েছে- ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং ভবিষ্যতেও মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
হোসেইনি বলেন, ‘যদি কখনো বাস্তব অভিযানের পর্যায়ে যাওয়া হয়, তাহলে আমাদের আধুনিক অস্ত্র, বিস্ফোরক ও উন্নত সরঞ্জামের প্রয়োজন হবে। বর্তমানে আমাদের হাতে যে অস্ত্র রয়েছে তা পুরোনো ও সীমিত। অথচ বর্তমান সময়ের যুদ্ধ অনেক বেশি প্রযুক্তিনির্ভর।’
এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খাবাতের কুর্দি যোদ্ধাদের আধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহায়তা করবে বলেও আশা করেন তিনি।
লেবাননের নাবি শিত শহরে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৬

লেবাননের পূর্বাঞ্চলের নাবি শিত শহরে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরার খবরে বলা হয়, এসব হামলায় আরও ৩৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার রাতভর সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর গোটা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় শহরের কয়েকটি আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হতাহতদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন।
উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রতিবেশী দেশ থেকে আক্রমণ না এলে, হামলা চালাবে না ইরান: প্রেসিডেন্ট

প্রতিবেশী দেশগুলো থেকে আক্রমণ না হলে সেসব দেশে আর হামলা চালানো হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ এ বিষয়টির অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে আর কোনো হামলা চালানো হবে না, যদি না ইরানবিরোধী কোনো আক্রমণ সেই সব দেশ থেকে শুরু হয়।’
ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রেসিডেন্টের বক্তব্যের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত কয়েক দিনে ঘটে যাওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
ইরান যুদ্ধ: আরব লীগের জরুরি বৈঠক রোববার
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পালটা হামলায় ভুক্তভোগী হচ্ছে প্রতিবেশী দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাকসহ অন্যরা। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় সেসব স্থাপনা লক্ষ্য করে হামলা করছে ইরান।
এর জেরে আরব দেশের ওপর চাপ সৃষ্টি হওয়ায় রোববার জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। এটি আয়োজনের প্রস্তাব দিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর।

বৈঠকে কিভাবে ইরানের হামলার প্রভাব কমানো এবং অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আরব নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।
আরব লীগের সহ-সচিব হোসাম জাকি জানিয়েছেন, বৈঠকে সব সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং ইরানের আগ্রাসন মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ন্ত্রণ ও সমন্বয় করার বিষয়গুলো আলোচনা হবে।
এই বৈঠককে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৮
ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
প্রদেশের গভর্নরের দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি আল জাজিরাকে বলেন, এসব হামলায় এক নারীসহ আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ইসফাহান শহরসহ প্রদেশের আরও সাতটি শহরের বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালায়। এতে ইসফাহান শহরের পাশাপাশি লেনজান ও বোরখার এলাকার অন্তত ৮০টি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরব আমিরাত ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ইরান বড় ধরনের ক্ষতি করেছে বলে দাবি করেছে ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি)।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, অভিযানের সবশেষ ধাপে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে সমন্বিত ও বড় আকারের হামলা চালানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমানঘাঁটিকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সেনারা সেখানে নির্ভুল ও লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে।
আইআরজিসির দাবি, এই হামলায় একটি উন্নত ও আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা, ড্রোন রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গার এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি বিমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস হয়েছে।
একই সঙ্গে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেও ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। তাদের দাবি, এই হামলায় ঘাঁটিটির রাডার ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং মার্কিন বিমানের ব্যবহৃত দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর মুখোমুখি সংঘর্ষ

লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা সিরিয়ার দিক থেকে আসা ইসরায়েলি বাহিনীর চারটি সামরিক হেলিকপ্টারের অনুপ্রবেশ লক্ষ্য করে। পরে হেলিকপ্টারগুলো অবতরণ করলে সেখান থেকে লেবাননের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা বেকা অঞ্চলের বালবেক জেলার নাবি শীত শহরের একটি কবরস্থানের কাছে পৌঁছালে হিজবুল্লাহ যোদ্ধাদের একটি দল তাদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। ইসরায়েলি বাহিনীর উপস্থিতি প্রকাশের পর সংঘর্ষ আরও তীব্র মাত্রা ধারণ করে।
এ সময় সেনাদের নিরাপত্তা দিতে ইসরায়েলি বাহিনী বেকা শহরে ব্যাপক বিমান হামলা চালায় এবং ইসরায়েলি সেনারা কোণঠাসা হয়ে পড়লে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে।
হিজবুল্লাহর আরেকটি বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ব্যাপক গোলা ও গুলি বর্ষণের দৃশ্য দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার নাবি শীত এলাকায় অন্তত ১৩টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় একই পরিবারের নয় সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।
ইরান যুদ্ধ নিয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ।
বৈঠকে সৌদি আরবের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব-পাকিস্তান দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আরও বলা হয়, উভয় পক্ষ আশা করেছে- ইরান বিচক্ষণতা ও যুক্তির পথ অনুসরণ করবে এবং ভুল সিদ্ধান্ত বা উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকবে।
সূত্র: আল জাজিরা
ইরান থেকে নতুন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হচ্ছে: ইসরায়েল
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে জানিয়ে আইডিএফের পক্ষ থেকে বলা হয়, সবাই নিরাপদ আশ্রয়ে থাকবেন। পরের নির্দেশ না পাওয়া পর্যন্ত আশ্রয়স্থল ত্যাগ করার বিষয়েও বাসিন্দাদের সতর্ক করেন তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং রাজধানী তেলআবিবসহ দেশের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে জরুরি ভিত্তিতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, ইসরায়েলের কাছে জরুরি ভিত্তিতে প্রায় ১৫১ কোটি ৮০ লাখ ডলার (১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার) মূল্যের গোলাবারুদ ও সামরিক সহায়তা বিক্রির সম্ভাব্য একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে জরুরি পরিস্থিতি তৈরি হওয়ায় ইসরায়েল সরকারের কাছে দ্রুত এই অস্ত্র সরবরাহ করা প্রয়োজন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেটের বিবৃতিতে বলা হয়, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কৌশলগত অংশীদার ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে।
এই জরুরি সহায়তা প্যাকেজে সাধারণ ব্যবহারের বোমা ছাড়াও প্রয়োজনীয় সরঞ্জাম, পরিবহন ও কারিগরি সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৩

লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরার খবরে বলা হয়, নাবি শিত গ্রামে চালানো ওই হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন।
এর আগে দক্ষিণ লেবাবননে ইসরায়েলি হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন।
লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা

লেবাননের বেকা উপত্যকার শিমস্তার শহরের উপকণ্ঠে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।
আল জাজিরার লেবানন প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বেকা অঞ্চলে ইসরায়েলি কমান্ডো এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল।
সেসময় লেবাননের পূর্ব সীমান্তে সিরিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায় ইসরায়েলি কমান্ডো বাহিনী।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এবং স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, কমান্ডোরা পূর্বদিকের পাহাড়ি অঞ্চল দিয়ে নাবী শিত শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে তাদের তীব্র সংঘর্ষ শুরু হয়। শুক্রবার মধ্যরাতে এসব ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


