প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
তিনি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।


