দুদকে দায়ের হওয়া অভিযোগ নিয়ে যা বললেন আসিফ

দুদকে দায়ের হওয়া অভিযোগ নিয়ে যা বললেন আসিফ
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের হওয়া অভিযোগ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, তার জানামতে দুদকে কোনো আনুষ্ঠানিক মামলা হয়নি, কেবল কিছু অভিযোগ জমা পড়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদক কার্যালয়ে অভিযোগ দাখিলের ঘটনা ঘটে। সাকিব আল হাসানের একদল ভক্ত দুদক কার্যালয়ে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমার জানা মতে মামলা না, দুদকে কিছু অভিযোগ গেছে। আজকে আমিও সংবাদ মাধ্যমে দেখলাম যে দুদকে কোনো একজন ক্রিকেট প্লেয়ারের ভক্তরা গিয়ে মব তৈরি করে সেখানে অভিযোগ দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় সাকিব আল হাসান শেখ হাসিনাকে এনডোর্স করা এবং গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে মনে করেছিলাম সাকিবের বাংলাদেশের জার্সি পরে খেলার নৈতিক অধিকার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই।’

আরও পড়ুন

আসিফ মাহমুদ এই ঘটনাকে হাস্যকর বলে উল্লেখ করে বলেন, ‘সাকিবকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা গিয়ে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছে। গতকাল সারাদিন মিডিয়ায় এ নিয়ে ট্রায়াল চললেও অভিযোগের কারণ ও কারা দিয়েছে তা অনেকে উল্লেখ করেনি, যা দুঃখজনক।’

তিনি বলেন, ‘দুদকে অভিযোগ দেওয়া খুব সহজ, যে কেউ দিতে পারেন। কিন্তু এভাবে মব তৈরি করে লোকবল নিয়ে যাওয়ার পেছনে কোনো উস্কানি বা ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছি।’

তিনি আরও যোগ করেন, যদি কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে তা দায়ের করার অধিকার সবার আছে। তার বিরুদ্ধে কিছু জানার থাকলে তিনি স্পষ্টভাবে বলতে এবং সহযোগিতা করতে প্রস্তুত।

এদিকে এনসিপির ছয়জন এমপি নির্বাচিত হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এখনো তাদের অফিসিয়াল কাজ শুরু হয়নি। প্রথম অধিবেশনে তাদের কথা শোনা যাবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই ছয়জন সংসদে নতুন প্রাণচাঞ্চল্য আনবে এবং জনগণের কথা প্রতিফলিত করবে। জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে নতুন দল হিসেবে জনগণের সমর্থন পেয়ে এনসিপি সামনের দিনগুলোতে আরও ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসিফ মাহমুদ জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করে বলেন, এনসিপি তাদের কমিটমেন্ট ধরে রেখে জনগণের পক্ষে কাজ করে যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad