পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বুধবার দুপুরে বিদায়ী আইজিপি বাহারুল আলম এবং নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরের সম্মানে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক তুলে ধরেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
নবনিযুক্ত আইজিপিকে স্বাগত জানিয়ে বক্তারা তাকে একজন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উন্নত হবে।
বাহারুল আলম দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নবনিযুক্ত আইজিপি একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা এবং তিনি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।
নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব।’
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


