নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা সাত ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিশ্চিত করেছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বও। এবার চূড়ান্ত হয়ে গেল ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠতে যাওয়া মূলপর্বের সূচিও।
আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ-১ জায়গা পেয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
আগামী ১৪ জুন এডবাস্টনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১৭ জুন হেডিংলিতে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই দিন বিরতির পর সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে জ্যোতিরা খেলবেন ২০ জুন।
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে ২৫ জুন খেলার পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।


