ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে।
রোববার ঢাকার আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের রাজি-খুশি করাতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর যথাযথ সেবা না দিলে এবং তাদের কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দেবেন।’ তিনি হজ গাইডদের প্রতি হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে।’
এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয় সে বিষয়ে সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে। হজ ব্যবস্থাপনায় শৈথিল্য বা উদাসীনতা পরিহারেরও অনুরোধ জানান তিনি।
মন্ত্রী ঘোষণা দেন, ২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।


