ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচন একটি শুভদিন, শুভক্ষণ। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে।’
দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা মসৃণভাবে এগিয়ে যাবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, ‘আমরা আশা করি, এই পথ আগামী দিনগুলোতে মসৃণভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতিকে সুন্দরের দিকে, অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’
বর্তমান নির্বাচন বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এসেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে অনেক বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই শুভদিনের সূচনা হয়েছে।’
‘আন্দোলনের সময় বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। ২৪ জুলাই প্রায় দুই হাজার ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পর আজকের এই নির্বাচন।’
এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলেই আশাবাদী মির্জা ফখরুল। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও স্মরণ করেন তিনি।


