অসুস্থতায় অদম্য বাংলাদেশ কাপে নেই তাসকিন

অসুস্থতায় অদম্য বাংলাদেশ কাপে নেই তাসকিন
সাইনাস ইনফেকশনের জন্য অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নেপথ্যে ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কা, আইসিসির সাথে ভেন্যু বদলের দর কষাকষি করেও সিদ্ধান্ত আসেনি পক্ষে। এই সময়টায় ক্রিকেটারদের ব্যস্ত রাখতে ও তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে ৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। যেখানে সাইনাসের সমস্যায় খেলা হচ্ছে না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের।

আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্ট মাঠে গড়াবে তিন দল ধুমকেতু, দুর্বার ও দুরন্ত নিয়ে। টুর্নামেন্টে ধুমকেতুর হয়ে খেলার কথা ছিল তাসকিনের। বুধবার ধুমকেতুর প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন এই টুর্নামেন্টে তাসকিনকে পাচ্ছেন না তারা। তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

দলীয় অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজাতে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘তাসকিনকে এই টুর্নামেন্টে পাওয়া যাচ্ছে না। কেন ছিটকে গেছে সেটা জানা নেই। সেটা ডাক্তারই বলতে পারবেন। আমাকে জানানো হয়েছে তাসকিন খেলছে না।’

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাসকিন নিজেই নিশ্চিত করেন তার ছিটকে যাওয়ার খবর। নিজের অসুস্থতার কথা জানিয়ে তাসকিন লেখেন, ‘আসসালামু আলাইকুম।  শারীরিক কিছু অসুস্থতার (সাইনাস ইনফেকশন) জন্য বিসিবি আয়োজিত আসন্ন “অদম্য বাংলাদেশ” এক্সাইটিং টি টোয়েন্টি টুর্নামেন্টে  অংশগ্রহণ করতে পারছিনা। যারা অংশগ্রহন করছে সকলের জন্য শুভ কামনা। আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরবো ইনশা আল্লাহ”

টুর্নামেন্টের তিন দল ধুমকেতু একাদশের নেতৃত্বে লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দুরন্ত একাদশের দায়িত্বে থাকছেন আকবর আলী। লিটনের ধুমকেতুর হেড কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশে মিজানুর রহমান বাবুলের সহকারী হিসেবে কাজ করবেন তুষার ইমরান। আকবরের দুরন্ত একাদশে থাকছে হান্নান সরকার ও রাজিন সালেহ।

আরও পড়ুন

আগামী ৫ ফেব্রুয়ারি ধুমকেতুর প্রতিপক্ষ দুরন্ত। পরদিন ধুমকেতু নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে দুর্বারের বিপক্ষে। ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  টুর্নামেন্টের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর সাথে প্রতি ম্যাচে ডেতে বিকাল ৪টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। টুর্নামেন্টকে আরো জমিয়ে তুলতে আইপিএলের আদলে থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহারের সুবিধাও।।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের তিন দল

ধুমকেতু একাদশ:  লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরীফুল ইসলাম ৷

দুর্বার একাদশ: হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ ও আল ফাহাদ ৷

দুরন্ত একাদশ: জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad